অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা দরকার
নতুন শিক্ষানীতি প্রণয়নের পর বিদ্যালয়ে ভর্তির হার বেড়েছে, কমেছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। এখন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত করার কাজটি পরীক্ষামূলকভাবে হলেও শুরু করা দরকার। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় শিক্ষানীতি-২০১০-এর সফল বাস্তবায়ন: প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আমার অধিকার ক্যাম্পেইন নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।কাজী খলীকুজ্জমান বলেন, কিছুটা দেরি হলেও শিক্ষানীতি বাস্তবায়নে সবার কাছে গ্রহণযোগ্য হয়, এমন একটি আইন তৈরির কাজ চলছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিষয়টি আইনের মাধ্যমে নির্ধারিত। এটা অষ্টম শ্রেণীতে উন্নীত করতে আইন করা হচ্ছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্যসচিব ইকরামুল কবির, আমার অধিকার ক্যাম্পেইনের চেয়ারপারসন নিলুফার বানু প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাব্বির বিন সামস।