অসংক্রামক রোগে বিশ্বে প্রতিবছর পাঁচ কোটি ৭০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে ৫৮ শতাংশ অর্থাৎ তিন কোটি ৩০ লাখ মৃত্যুবরণ করে দীর্ঘস্থায়ী রোগে (ক্রনিক ডিজিজ)। তাদের ৮০ শতাংশই উন্নয়নশীল দেশের। গতকাল রোববার রাজধানীর ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স মিলনায়তনে আয়োজিত আঞ্চলিক জনস্বাস্থ্য সেমিনারে এই তথ্য জানানো হয়। নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর সহযোগিতায় সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স। বাংলাদেশ ছাড়াও নরওয়ে, যুক্তরাজ্য, সুইডেন, নেপাল, ভারত ও পাকিস্তানের শতাধিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সেমিনারে জানানো হয়, বিশ্বে ২৪ কোটি ৫০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এভাবে চলতে থাকলে ২০৩০ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ৩৬ কোটি ৬০ লাখে। এ রোগে আক্রান্ত হয়ে যত রোগী মারা যায়, তার ৭৫ শতাংশই উন্নয়নশীল দেশের। বাংলাদেশেও আশঙ্কাজনকভাবে ডায়াবেটিস রোগী বাড়ছে। ২০২৫ সালে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ৬১ লাখে। ‘গ্লোবাল বার্ডেন অব ক্রনিক ডিজিজ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে ইউনিভার্সিটি অব অসলোর অধ্যাপক আকতার হোসেন বলেন, ডায়াবেটিস রোগের চিকিৎসার পেছনে বছরে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় দুই হাজার ২৯০ কোটি ডলার। এত অর্থ বাংলাদেশের মানুষের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। এ দেশের স্বাস্থ্য খাতের বাজেটও কম। ডায়াবেটিস প্রতিরোধ করা গেলে চিকিৎসা-ব্যয় অনেক কমে যাবে। অসংক্রামক ও দীর্ঘস্থায়ী রোগের হুমকি মোকাবিলায় সচেতনতা বাড়ানো ও বাস্তবে তার প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, দেশে প্রায় ১৬ কোটি মানুষ আছে। সরকারের পক্ষে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবে সব মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-ছয় অর্জিত হয়েছে। কিন্তু এখনো চার ও পাঁচ অর্জন করা যায়নি। এটা করতে সরকারি-বেসরকারি সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান বলেন, উন্নয়নশীল দেশে অসংক্রামক রোগের ঝুঁকি অনেক বেশি। মানুষকে আধুনিক জীবনধারার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগের হাত থেকে বেঁচে থাকা যাবে। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি আবদুস সামাদ শেরা, নরওয়ের রাষ্ট্রদূত রাঙনি বিরটে লোন্ড, ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের পরিচালক লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।