দেশে বর্তমানে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ লাখ। প্রতিবছর নতুন দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। অসচেতনতার কারণে আশঙ্কাজনকভাবে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অথচ সচেতন থাকলে ক্যানসার প্রতিরোধ সম্ভব। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ক্যানসারের ওষুধের বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ক্যানসার নিয়ে প্রচুর গবেষণা হওয়া প্রয়োজন। এসব গবেষণার মাধ্যমেই এ রোগের সমাধান বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, গবেষণাকাজে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য বীকনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যারা পুরস্কৃত করেছে, তাদের নাম বিমানবন্দর কেন, কোনো প্রতিষ্ঠানেই থাকতে পারবে না। এ জন্য বিমানবন্দরের নাম এমন একজন সুফির নামে দেওয়া হয়েছে, যাঁর কাছে নির্বাচনের আগে দলমত-নির্বিশেষে সবাই যায়।অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসারে আক্রান্ত রোগীদের শনাক্ত করা প্রয়োজন। এ কারণে কমিউনিটি ক্লিনিকে ক্যানসার শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ওষুধের মান ঠিক রাখার জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ক্যানসার নিয়ে গবেষণা প্রতিষ্ঠান আরও বাড়ানো উচিত। এ বিষয়ে আরও সমৃদ্ধ গবেষণা করা প্রয়োজন। অনুষ্ঠানে বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বলেন, দেশেই এখন ক্যানসারের ওষুধ তৈরি হচ্ছে। এসব ওষুধের জন্য এত দিন বিদেশের ওপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। এ কারণে ওষুধগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল। বীকন ফার্মা ক্যানসার নিরাময়ের ওষুধ বাজারে এনেছে। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শে প্রস্তুতকৃত এসব ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন বলে তিনি জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক হাফিজুর রহমান আনসারী, বাংলাদেশ ক্যানসার সোসাইটি হাসপাতালের পরিচালক এম এ হাই প্রমুখ।