অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস কিনতে তালিকা চেয়েছে ইউজিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রমে চালাতে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস কিনে দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য যেসব শিক্ষার্থীর ডিভাইস কিনতে আর্থিক সক্ষমতা নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা ২৫ আগস্টের মধ্যে দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে ইউজিসি।

৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ করা হয়েছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৭ মার্চ থেকে বন্ধ। এ জন্য সম্প্রতি অনলাইনে ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু এখন পর্যন্ত তা ঠিকমতো কার্যকর হচ্ছে না। কারণ, অনেকের ডিভাইস নেই বা ইন্টারনেট খরচ বহন করার সামর্থ্য নেই। এ জন্য ইউজিসি এ উদ্যোগ নিয়েছে।

পৃথক চিঠিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির যথাযথ প্রয়োগ ও গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ করতে বলেছে ইউজিসি।

চাকরিবিধি ও প্রবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অন্য কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা কোনো ধরনের লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন না। কিন্তু কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কেউ কেউ তা অমান্য করে একদিকে যেমন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন, অন্যদিকে আবার কেউ কেউ ব্যক্তিগতভাবে ব্যবসা-প্রতিষ্ঠানও পরিচালনা করছেন, যা ইউজিসির গোচরীভূত হয়েছে। এহেন কর্মকাণ্ড চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

ইউজিসি বলছে, গবেষণা কার্যক্রমে ব্যয় করার নিয়ম থাকলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এ নিয়মের ব্যত্যয় ঘটছে। গবেষণা খাতে বরাদ্দ করা অর্থ শুধু নির্বাচিত গবেষণা প্রকল্পের কার্যক্রমে ব্যয়ের নিশ্চয়তা বিধানের জন্য অনুরোধ করেছে ইউজিসি।