অসমাপ্ত নীলনকশা বাস্তবায়নেই নৃশংস হত্যাযজ্ঞ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোয় একের পর নৃশংস হত্যাকাণ্ড একাত্তরের বুদ্ধিজীবী নিধনের নীলনকশার সঙ্গে তুলনীয় বলে মন্তব্য করেছে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ’। বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত এ জোটের নেতারা গতকাল রোববার বলেছেন, এই নীলনকশার অসমাপ্ত অংশ বাস্তবায়ন করার জন্যই দেশে এ হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’-এর সভাপতি অজয় রায় জানান, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে কর্মসূচি পালন করে আগামী মে মাসের মাঝামাঝি জাতীয় সম্মেলন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধিরাও থাকতে পারেন।অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়া কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক শিরিন আক্তার, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, আবদুল বারী প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ-ই মাহবুবও উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যে নতুন শিক্ষাক্রম চালুর চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে সাম্প্রদায়িক জঙ্গিবাদী মহল থেকে যে অভিযানের হুমকি দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের হত্যাগুলো তার সঙ্গেও সম্পৃক্ত বলে মনে হয়। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রস্তুতি ও বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার পথ সুগম হওয়ার প্রেক্ষাপটও তুলে ধরেন এ প্রসঙ্গে। ছাত্রলীগের মধ্যে শিবিরের অনুপ্রবেশ হয়েছে—আওয়ামী লীগের এই আশঙ্কার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘এমন সোচ্চার উক্তি পরিস্থিতির কঠিন জটিলতাকেই নির্দেশ করে।’শিরিন আক্তার স্বাধীনতাবিরোধীদের সংঘবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান। রোকেয়া কবীর বলেন, দলীয় বিবেচনা না করে অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত।