অসহনীয় পরিবেশে বাস করছে প্রভাতীবাগের বাসিন্দারা
রাজধানীর খিলগাঁওয়ের প্রভাতীবাগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) রাস্তাটি চলাচলের অযোগ্য, পয়োবর্জ্যে ভরা। বৃষ্টি না হলেও রাস্তায় ময়লা পানি জমে থাকে। ‘হা’ করে আছে ম্যানহোল। বাতাসে দুর্গন্ধ। আর বৃষ্টি হলে পুরো রাস্তা ‘খালে’ পরিণত হয়ে যায়।নোংরা এই পরিবেশে প্রভাতীবাগে বসবাস করছে অনেকগুলো পরিবার। এলাকাবাসী জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানিয়েও সমস্যার সমাধান পাওয়া যায়নি, ড্রেনেজ-ব্যবস্থার উন্নতি হয়নি। এলাকায় গিয়ে জানা গেছে, প্রভাতীবাগের পশ্চিম দিকের সড়কে দেড় ফুট চওড়া একটি নর্দমা পাইপ আছে। সেটি বালু, পলিথিনসহ নানা আবর্জনা জমে একেবারে ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি আগে এই নর্দমা দিয়ে চলে যেত ঝিলে। ঝিল ভরাট করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এখন সেখানেও গড়ে উঠেছে অনেকগুলো ভবন। বৃষ্টি হলে সেখানেও দেখা দেয় জলাবদ্ধতা। বছর দেড়েক আগে ক্ষমতাবান দুজন ঠিকাদার নর্দমাটি মেরামত করেন। ওই কাজে বরাদ্দ ছিল ২৫ লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগ, কোনো রকম দায়সারাভাবে কাজ করে পুরো বিল উঠিয়ে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে প্রভাতীবাগে ঢুকতেই নাকে লাগে দুর্গন্ধ। যতদূর দেখা যায়, রাস্তায় জমে থাকা কালো পানিই চোখে পড়ে। ঢাকনাহীন ম্যানহোল থেকে তরল বর্জ্য উপচে বেরুচ্ছে। গাড়ি চললে পথচারী বা রিকশাযাত্রীদের ছিটকে পড়ছে সেই পানি। প্রভাতীবাগ সংসদের ১০০ গজের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের চার নম্বর আঞ্চলিক কার্যালয়। এই রাস্তা ও অসহনীয় পরিবেশের অভিযোগ জানাতে মঙ্গলবার সকালেও ডিসিসি কার্যালয়ে জড়ো হয়েছিল এলাকার বাসিন্দারা। সকালে ডিসিসি কার্যালয়ে অফিস সহকারী ও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়া পদস্থ কাউকে পাওয়া যায়নি। আঞ্চলিক প্রধান কর্মকর্তা বা নির্বাহী প্রকৌশলী কেউ বেলা ১১টায়ও কার্যালয়ে আসেননি।জানতে চাইলে একজন অফিস সহকারী বলেন, ‘স্যাররা নগর ভবনে মিটিংয়ে।’ এলাকাবাসী বলেন, সময়মতো বড় কর্মকর্তাদের পাওয়া যায় না। গেলেই শোনা যায়, তাঁরা অন্যত্র মিটিং করছেন। নির্বাহী প্রকৌশলী কাজী বোরহানউদ্দিনের মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। আবদুল ওয়াদুদ নামের এক প্রকৌশলী অসুস্থ, তিনিই ড্রেনেজ লাইন বিষয়ে কাজ করছেন বলে জানা যায়। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে এলাকার দুর্গতির কথা স্বীকার করে বলেন, এবার অবশ্যই নর্দমাটি পরিষ্কার করে ঠিকভাবে মেরামত করা হবে। এর জন্য ১৩ লাখ টাকা থোক বরাদ্দ পাওয়া যাবে।