অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় মৌলবাদ প্রতিহতের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, চলচ্চিত্রনির্মাতা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ নাগরিক সমাজের নেতারা। তাঁরা বলেছেন, বাঙালির ভেতরে লুকিয়ে থাকা শক্তি একদিন জেগে উঠবেই। আগামী প্রজন্মকে অসাম্প্রদায়িকতায় উদ্বুদ্ধ করতে ইতিহাস শিক্ষার ওপর জোর দিতে হবে।গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।আলোচনা শুরুর আগে পাকিস্তানে মৌলবাদের উত্থান এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির নির্মিত প্রামাণ্যচিত্র সীমানাহীন জিহাদ দেখানো হয়।সূচনা বক্তব্যে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াতসহ বাংলাদেশের সব জঙ্গিবাদের সদর দপ্তর হচ্ছে পাকিস্তান। এখানেই আমাদের ভয়। এ দেশে মৌলবাদবিরোধী লড়াই আরও জোরদার করতে হবে।’প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মুসলমানরা অনেক বেশি সহনশীল। সুতরাং, এখানে পাকিস্তানের মতো অবস্থা সৃষ্টি হবে না।’সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায় বলেন, ‘সহনশীলতা আর সহাবস্থানের মানসিকতা ধারণ করাটা সবচেয়ে বেশি জরুরি। পাকিস্তান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষের ওপর আস্থা রাখতে হবে।’নির্মূল কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘পাকিস্তানে যত দিন ৩০ লাখ লোক মারা যাবে না, সাড়ে চার লাখ নারী ধর্ষিত হবে না—তত দিন পর্যন্ত সে দেশটি বাংলাদেশের যাতনা বুঝবে না।’ তিনি বলেন, ‘অবস্থা দেখে মনে হয়, এ দেশে সরকারই মৌলবাদের প্রশ্রয় দিচ্ছে।’আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা হামিদা হোসেন বলেন, মৌলবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে শিক্ষার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।সভাপতির বক্তৃতায় বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেন, মৌলবাদী চক্র যেভাবে মাথাচাড়া দিয়েছিল, তা অনেকটাই সংকুচিত হয়েছে। এটাকে আরও দমন করতে হলে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্রনির্মাতা শামীম আকতার, আবদুল আউয়াল খান প্রমুখ।