রামুসহ বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতি আঘাত নয়, এটা বাংলাদেশের প্রগতিশীল চেতনার ওপর হুমকি। এ ঘটনা প্রমাণ করে প্রতিক্রিয়াশীল শক্তি সংগঠিত হচ্ছে, এসবের পুনরাবৃত্তি রোধে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য জরুরি। গতকাল বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব অভিমত ব্যক্ত করেন বক্তারা। এ সভার আয়োজন করে বাংলাদেশ শান্তি পরিষদ। পরিষদের একটি দল সম্প্রতি রামুসহ কয়েকটি এলাকা পরিদর্শন করে। এই পরিদর্শনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রামুতে বৌদ্ধমন্দির ধ্বংস ও সাম্প্রদায়িক নিপীড়নের পর এর প্রথম প্রতিবাদ করতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃত বিভাগকে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসেনি প্রথমে। এটা প্রমাণ করে আমাদের সাম্প্রদায়িক শক্তিকে রোধ করার প্রেরণা দুর্বল হয়ে গেছে।’ গণঐক্য কমিটির আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেন, রামুর ঘটনা সাম্প্রদায়িক শক্তির ধারাবাহিক তৎপরতার অংশ। প্রবীণ বামনেতা অজয় রায় বলেন, রামুর ঘটনা সংখ্যালঘুদের দেশ ত্যাগের চলমান প্রবণতা উৎসাহিত করবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বড় দুই রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়িতে লাভবান হচ্ছে অপরাধীরা। এই দল দুটো এত বড় ঘটনা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়। এরা বিশ্বাস করে, সবার উপরে ভোট সত্য তাহার উপরে নাই।’সভায় বক্তব্য দেন বৌদ্ধধর্মীয় নেতা শুদ্ধানন্দ মহাথেরো, সাংবাদিক আবেদ খান, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, নটর ডেম কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্তা প্রমুখ। এতে শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পলটু সভাপতিত্ব করেন। সভায় রামুসহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় সহিংসতা দমনে ব্যর্থতার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি দাবি করা হয়। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতির পরিমাণ যাচাই করে আর্থিক সহায়তা দেওয়া এবং ধ্বংস হওয়া মন্দির পুনর্নিমাণে বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হয়।