অসাম্প্রদায়িকতা আমাদের চরিত্র: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বাংলা ​একাডেমিতে নূহ-উ​ল-আলম লেনিনের বইয়ের প্রকাশনা উৎ​সবে অতিথিরা l ছবি: প্রথম আলো
গতকাল বাংলা ​একাডেমিতে নূহ-উ​ল-আলম লেনিনের বইয়ের প্রকাশনা উৎ​সবে অতিথিরা l ছবি: প্রথম আলো

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশে মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠী থাকবে, তবে এদের প্রভাব-প্রতিপত্তি থাকবে না। কখনো এরা ক্ষমতায় যেতে পারবে না। এটা আমার দৃঢ়বিশ্বাস। কারণ, অসাম্প্রদায়িকতা আমাদের চরিত্র।’
গতকাল রোববার বাংলা একাডেমি চত্বরে নূহ-উল-আলম লেনিন রচিত বাঙালি সমাজ ও সাহিত্যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বাঙালি সমাজ ও সাহিত্যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ বইটি মূলত নূহ-উল-আলম লেনিনের পিএইচডি গবেষণার অভিসন্দর্ভ। বাংলা একাডেমি এটি প্রকাশ করেছে।
অনুষ্ঠানে কিছুটা আত্মসমালোচনার সুরে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলি। আবার আমাদের মধ্যে স্ববিরোধিতাও আছে। ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম—এ দুইয়ের মধ্যে কিছুটা স্ববিরোধিতা আছে, এটা সত্য।’ তিনি বলেন, এ দেশে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অস্তিত্ব থাকবে, তবে কখনো সরকার গঠন করতে পারবে না। কারণ, এ দেশের মৌলিকত্ব পুরোপুরি অসাম্প্রদায়িক।
নূহ-উল-আলম লেনিনের সঙ্গে দীর্ঘ পরিচয়ের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নে যুক্ত ছিলাম। এটি একটি উৎকৃষ্ট দলিল। রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থেকেও যখন শুনলাম লেনিন পিএইচডি ডিগ্রি নিয়েছেন, সেটা আমার কাছে অ্যাটম বোমার মতো মনে হয়েছে।’ তিনি বইটির প্রশংসা করেন।
অধ্যাপক আনিসুজ্জামান লেখকের প্রশংসা করে বলেন, কঠোর পরিশ্রম ছাড়া এমন বই লেখা যায় না। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ নিয়ে নানা মত, নানা বক্তব্য আসবে। এসব ব্যাপারে শেষ কথা বলা যায় না।
লেখক নূহ-উল-আলম লেনিন বলেন, ‘সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ মানবসভ্যতার একটি পুরোনো ব্যাধি। আমি যে সবকিছু বলে ফেললাম, তা ঠিক নয়। তবে শুরু করে গেলাম। নতুন প্রজন্ম, নতুন গবেষকেরা এ ব্যাপারে আরও গবেষণা করবে।’
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, বইটি ইংরেজি অনুবাদ করে তা দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো উচিত। বইয়ের প্রশংসা করে তিনি বলেন, ৪০ বছর পর লেনিনের ছাত্র হওয়া সার্থক হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার উৎস হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাশিক্ষায় আওয়ামী লীগ সরকার যত খরচ করেছে, অন্য কোনো সরকারের সময় এত খরচ হয়েছে কি না সন্দেহ আছে। নূহ-উল-আলম লেনিনের পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক আফসার আহমেদ।