মাওলানা আবুল কালাম আজাদ অসাম্প্রদায়িক চেতনার অগ্রপথিক। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি খুবই তাৎপর্যপূর্ণ। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মাওলানা আবুল কালাম আজাদ এবং দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িকতার সংগ্রাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এবং বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন কালেকটিভের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দুই দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান এবং জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ আলম বিষয়ভিত্তিক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।আরেফিন সিদ্দিক বলেন, বর্তমান প্রজন্ম আবারও মৌলবাদীদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে । ফটিকছড়িতে সংঘটিত সাম্প্রতিক নারকীয় হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সাম্প্রদায়িকতা রোধে আবুল কালাম আজাদের ধর্মীয় দিকনির্দেশনা কার্যকর ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রিজওয়ান কায়সার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন কালেকটিভের চেয়ারম্যান মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য দেন।সেমিনারের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে সভাপতিত্ব করবেন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত।