অসুস্থ চারটি শিশুর মায়েরা সেলাই মেশিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা চারটি শিশুর চারজন মায়ের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন সাংসদ বেবী মওদুদ। এই শিশুদের দুটি অটিজম এবং অপর দুটি সেরিব্রাল পলসিতে আক্রান্ত। বিএসএমএমইউর সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন মিলনায়তনে গতকাল রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে বেবী মওদুদ বলেন, ‘আমি নিজেও একজন অটিস্টিক শিশুর মা। এ ধরনের শিশুর মায়েদের কষ্ট ও অসহায়ত্ব গভীরভাবে উপলব্ধি করি। সেলাই মেশিনগুলো অটিস্টিক শিশুর মায়েরা কাজে লাগিয়ে কিছু টাকা আয়ের সুযোগ পাবেন। এই অর্থ অটিজমের শিকার শিশুদের চিকিৎসায় কাজে লাগবে।’ অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত সেলাই মেশিনগুলো দেওয়ায় বেবী মওদুদকে ধন্যবাদ জানান। সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের পরিচালক শাহীন আকতার বলেন, এসব শিশুর মায়েদের তাঁদের শিশুদের দেখাশোনার জন্য প্রচুর সময় দিতে হয়। এর ফলে তাঁদের পক্ষে বাইরে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সেলাই মেশিনগুলো পেলে মায়েরা ঘরে বসে কাজ করার সুযোগ পাবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। বিজ্ঞপ্তি।