অসুস্থ বাবাকে দেখতে গিয়ে প্রাণ হারালেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. অনিক নামের এক যুবক। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় অনিকের সঙ্গে তাঁর ফুফু হনুফা বেগম ও মো. এনামুল নামের আরেকজন আত্মীয়ও মারা গেছেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোজাম্মেল হক তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত তিনজনের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, বাকি দুজন ছিলেন আরোহী। আজমপুরে আমির কমপ্লেক্সের কাছে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সাদিয়া নামের অনিকের এক স্বজন জানান, অনিক তাঁদের সঙ্গে ঢাকার রায়েরবাজার এলাকায় থাকতেন। কাজ করতেন একটি সাইকেলের গ্যারেজে। অনিকের অসুস্থ বাবা ইয়াকুব আলী থাকেন গাজীপুরে। আজ ভোরে অনিক গাজীপুর যাওয়ার জন্য এনামুলের মোটরসাইকেলে রওনা দেন, সঙ্গে হনুফা বেগমকেও নিয়েছিলেন। রায়েরবাজার থেকে গাজীপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে অনিকের বয়স আনুমানিক ১৮ বছর, অন্যদের বয়স ও দুর্ঘটনার সময় কে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন নিশ্চিত হওয়া যায়নি। অনিকের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়।