অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের সাত দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে এবং সম-অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি’তে অনুষ্ঠিত জাতীয় সংলাপ থেকে এ আহ্বান জানানো হয়।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৪৭ সালে দেশে যেখানে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ছিল, ২০১১ সালে তা মাত্র ১০ শতাংশে নেমে এসেছে। সংখ্যালঘু নির্যাতন, জমি দখল বন্ধ না হলে একদিন হয়তো এ দেশ আদিবাসী ও সংখ্যালঘুশূন্য হয়ে যাবে। তাই জাতীয় সংসদে ২০ শতাংশ হারে ৬০টি আসন সংরক্ষণ, সাংবিধানিক বৈষম্য বিলোপ, সম-অধিকার ও সমমর্যাদা, স্বার্থবান্ধব আইন প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসন, দায়মুক্তির সংস্কৃতি থেকে উত্তরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার সাত দফা দাবি জানানো হয়।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘গত বছরের ৪ ডিসেম্বর আমরা সাত দফা ঘোষণা করেছিলাম। সরকারকে ছয় মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফ থেকে আলোচনার কোনো উদ্যোগ নেই। এখন আন্দোলনের সূচনা করতে হবে। ২০ মে সারা দেশে সব জেলা, উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। এরপর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।’

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বছরের পর বছর ধরে সেনাবাহিনী আছে। আদিবাসীরা সেখানে নিপীড়নের শিকার। সারা দেশেই সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর শোষণ-নিপীড়ন চলছে। লড়াই ছাড়া সমাধান আসবে না।’

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পাকিস্তান আমল থেকেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। আমরা সংখ্যালঘুরা আর কারও আলামত হতে চাই না। দয়া করে আমাদের যতটুকু অধিকার আছে তা-ই দিন। আমাদের যতটুকু প্রতিনিধিত্ব আছে ততটুকুই দিন।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সংখ্যালঘুদের জমি যারা দখল করে, যারা সংখ্যালঘুদের ওপর হামলা করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনাদের সাত দফার সঙ্গে আমি মোটামুটি একমত। আজকে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। আপনারা সাহায্য করেন। একদিন বাহাত্তরের সংবিধানে আমরা ফিরবই।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা কিছু কাজ করেছি। কিন্তু রাষ্ট্রকে তো আমরা এখনো অসাম্প্রদায়িক করতে পারছি না। এখনো রাষ্ট্রধর্ম ইসলাম। সমস্যা সমাধানে যে চাপ তৈরির কথা, সেটাও কিন্তু আমরা করতে পারিনি। আজকে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। তাদের জমি দখল হচ্ছে। জাতীয় ঐকমত্য না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ১৯৪৭ সালে যেখানে ৩০ শতাংশ সংখ্যালঘু ছিল, আজকে সেখানে হয়তো ৮ শতাংশ। এত বছরেও অর্পিত সম্পত্তির সমাধান হলো না।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘আমরা তো এ জন্য মুক্তিযুদ্ধ করিনি, যাতে সংখ্যালঘুরা নিজ ভূমে পরবাসী মনে করবে। আজকে সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সম্মেলন হচ্ছে, না জানি একদিন শুধুই অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করতে হয়।’

সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘আমার দিনাজপুরের সংখ্যালঘুরা দেশ ছেড়ে যাচ্ছে। সারা দেশে তা-ই হচ্ছে। সাত দফার সঙ্গে আমি একমত।’

ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও লেখক সৈয়দ আবুল মকসুদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, অধ্যাপক আনোয়ার হোসেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, অধ্যাপক মেসবাহ কামাল, এনজিও কর্মী খুশী কবির, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফ্‌রুল্লাহ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।