অস্ত্র ও ফেনসিডিলসহ নয়জন গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও ও মতিঝিল এলাকায় গতকাল শনিবার পৃথক অভিযানে র্যাব ও গোয়েন্দা পুলিশ অস্ত্র ও ফেনসিডিলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। র্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ১১টার দিকে ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিপরীত পাশে একটি খাবার হোটেলের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: আল আমিন মোল্লা, কামাল হোসেন, আমির আলী ও মঈনুদ্দিন মাসুম। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল, ২৫টি গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুর দুইটার দিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোড থেকে ৩০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: বাবুল হোসেন, মাসুদ রানা, মো. সেলিম, আলমগীর হোসেন ও মো. খোকন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা রাজশাহী ও যশোর জেলা থেকে ফেনসিডিল এনে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।