অস্ত্র বদলাতে গিয়ে ধরা ছাত্রলীগের নেতা সাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ব্যবসায়ী বশির আহমেদ এবং জুনায়েদ ওরফে তানভীরকে গ্রেপ্তার করে তাঁদের জিজ্ঞাসাবাদ করছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা। হঠাৎ বশিরের মুঠোফোনে একটা কল আসে, পর্দায় ভেসে ওঠে ‘সাগর সিটি’। ফোনটি কেটে দিয়ে ওই নম্বরে ফোন করা হলে ওপাশ থেকে বলা হয়, ‘জিনিসটা বদলায়া দিলেন না।’ এর পরই ডিবির পাতা ফাঁদে সদ্য কেনা পিস্তলসহ ধরা পড়েন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর আহমেদ শাহীন ও তাঁর সঙ্গী আনোয়ার হোসেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে একটি নতুন টরাস পিস্তলসহ ধরা পড়েন এই দুজন। এর পর থেকেই পুলিশ কর্মকর্তাদের কাছে আসতে থাকে বিভিন্ন মহলের তদবির।গতকাল রোববার ধরা পড়া দুজনকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। সাগরের অসুস্থতার জন্য আদালত ৮ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।ডিবি কর্মকর্তারা বলছেন, গত বৃহস্পতিবার বাসাবো থেকে তিনটি পিস্তলসহ গ্রেপ্তার হন বশির ও তানভীর। বশিরের কাছ থেকে গত ১০ সেপ্টেম্বর একটি পিস্তল কিনেছিলেন সাগর। কিন্তু সেটি তাঁর পছন্দ না হওয়ায় বশিরকে ফোন করে বদলাতে চান। আর বদলাতে এসেই ধরা পড়েন তিনি।লালবাগ এলাকার কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, লালবাগসহ পুরান ঢাকার যাবতীয় দরপত্র (টেন্ডার) নিয়ন্ত্রণ করেন সাগর। পুরান ঢাকার একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতার ঘনিষ্ঠ সঙ্গী সাগর। এ ছাড়া সরকারের একজন ক্ষমতাশালী প্রতিমন্ত্রীর সঙ্গেও সাগরের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গেছে। সেই প্রতিমন্ত্রীও সাগরের জন্য তদবির করে যাচ্ছেন।স্থানীয় সূত্রগুলো জানায়, ২০০৮ সালের ২৭ আগস্ট ধানমন্ডির বেল টাওয়ারের কাছে হামলার শিকার হন সাগর। তাঁর শরীরে ১১টি গুলি লাগে। এখনো তাঁর শরীরে কয়েকটি গুলি রয়ে গেছে বলে বিভিন্নজনের কাছে দাবি করেন তিনি।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন বলেন, অস্ত্র ব্যবসায়ী বশির ও তানভীরের সঙ্গে কার কার যোগাযোগ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।