অস্ত্র বিক্রি করতে ঢাকায় এসে গ্রেপ্তার ২: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গতকাল সোমবার ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. জানিবুল ইসলাম ওরফে জোসি ও মো. বাসির আলী।

জানিবুল ও বাসিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তাঁদের মধ্যে জানিবুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা ছাত্রদলের নেতা ছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, জানিবুল ও বাসিরের কাছ থেকে দুটি পিস্তল, আটটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাঁরা ঢাকায় অস্ত্র দুটি বিক্রি করতে এসেছিলেন।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার আজ মঙ্গলবার বলেন, ‘জব্দ আগ্নেয়াস্ত্র দুটি ভারতে তৈরি। দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার সময় সাধারণত এই ধরনের অস্ত্র উদ্ধার হয়।’

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া জানিবুলের বিরুদ্ধে ২০১৪, ২০১৮ ও ২০১৯ সালে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণসহ একাধিক আইনে মামলা হয়।

পুলিশের অভিযোগের বিষয়ে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি বা তাঁদের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ডিবির ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানিবুল ও বাসিরকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানায় পুলিশ।

এদিকে, পৃথক আরেক অভিযানে ছিনতাই ও মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। ডিবির ডেমরা জোনাল টিম তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মাসুদ মিয়া, মো. সুমন কারাল, মো. শামীম, শাওন ও মো. সজল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে।