অস্ত্র রাখার দায়ে তিনজনের ২৭ বছর কারাদণ্ড
অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে তিনজনকে ২৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন এই রায় দেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন. মো. বিপ্লব ও সুমন ওরফে হাতকাটা সুমন। রায় ঘোষণার আগে তিন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।রায়ে বলা হয়, অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর এবং গুলি রাখার দায়ে প্রত্যেককে সাত বছর, অর্থাৎ মোট ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হলো। উভয় সাজা একই সঙ্গে কার্যকর হবে বলেও বিচারক রায়ে উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এস এম রফিকুল ইসলাম।মামলায় বলা হয়, ২০০৭ সালের ২৭ জুন রমনার আনারকলি মার্কেটের পেছনের গলিতে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে দেলোয়ার, বিপ্লব ও সুমনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৩-এর কর্মকর্তা খোরশেদ আলম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।