গুলশানের জোড়া খুনের ঘটনায় ঘাতকদের আগ্নেয়াস্ত্র সরবরাহকারী আলতাফ হোসেন ওরফে আলতুকে (৩০) গতকাল বুধবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম (উত্তর) জানান, গতকাল দুপুরে রূপগঞ্জের রূপসী গ্রাম থেকে আলতাফকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত ঘাতক রুবেল ও মিথুনের স্বীকারোক্তি অনুযায়ীই আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। পেশায় জমির মধ্যস্থতাকারী আলতাফ ঘাতক রুবেলের মায়ের চাচাতো ভাই। তবে বয়সে প্রায় সমান হওয়ায় রুবেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঢাকায় তাঁর সাত-আটটি বাড়ি ও রূপসীতেও রয়েছে বাগানবাড়ি। নর্দ্দা এলাকাতে তাঁর বাড়ি রয়েছে। সেখান থেকেই অস্ত্র নিয়েছিলেন রুবেল।৩১ মার্চ যমুনা ফিউচার পার্ক থেকে জোড়া খুনে ব্যবহূত পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর আগে ২৯ মার্চ দুই ঘাতক রুবেল ও মিথুনকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।২৪ মার্চ রুবেল ও তাঁর বন্ধু মিথুন রাজধানীর কালাচাঁদপুরের ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করেন। রুবেলের সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় সাদেকুর ও তাঁর স্ত্রীকে হত্যা করেন রুবেল।