অস্ত্রসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশন থেকে অস্ত্র ও গুলিসহ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সকালে আবদুর রহমান নামে মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) বিবিএ প্রথম বর্ষের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল মিরপুর ৭ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের ৪০৬ নম্বর বাড়ির পঞ্চম তলায় রহমানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে ভবনটির পঞ্চম তলার কবুতরের ঘর থেকে দুটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল এবং পিস্তল ও রিভলবারের ১৭টি গুলি উদ্ধার করা হয়। র্যাব-৪-এর উপপরিচালক মেজর তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে রহমান রিভলবার ও পিস্তল ব্যবহার করে তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি মিরপুর এলাকায় ছিনতাই-ডাকাতি করত বলে স্বীকার করেছেন। গত ২০ ফেব্রুয়ারি মিরপুর ২ নম্বর সেকশনে তিনি এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর পায়ে গুলি করে ২০ হাজার টাকা ছিনতাইয়ের কথাও জানিয়েছেন। তিনি বলেন, তাঁর কাছ থেকে পাওয়া তার সহযোগীদের নাম-ঠিকানা ধরে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রহমানের বাবা আবু তাহের বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত। গত বছরের ১৬ ডিসেম্বর র্যাব-৪-এর একটি দল মিরপুর এলাকা থেকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র মিরাজুল ইসলামকে তিনটি রিভলবার ও পিস্তলসহ গ্রেপ্তার করে। এর আগে ১৮ নভেম্বর র্যাব শাহ আলী থানার একটি মার্কেট থেকে ধানমন্ডি ডেফোডিল কলেজের ছাত্র মেহেদি হাসান সোহাগকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে।