রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আঘাতজনিত (ক্যাজুয়ালটি) বিভাগ, অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার-ওটি) ও জরুরি অস্ত্রোপচার কক্ষ ১৩ বছরেও চালু হয়নি। ফলে হাসপাতালের জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারে ব্যাঘাত ঘটছে। হাসপাতাল সূত্র জানায়, ১৯৫৮ সালে ৭৫ শয্যার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি হাসপাতালটি ৩৭৫ শয্যায় উন্নীত করা হয়। ক্যাজুয়ালটি বিভাগ এবং অস্ত্রোপচার কক্ষ চালুর জন্য সে সময় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হয়। কিন্তু এর পরও তা চালু হয়নি। দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, এসব যন্ত্রের এখন আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী হাসপাতালের আশপাশের এলাকা থেকে সড়ক দুর্ঘটনা, গুলি ও বোমার আঘাতসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত অসংখ্য মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কিন্তু হাসপাতালে চিকিৎসা কিংবা অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় রোগীদের নগরীর অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। ফলে অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই রোগী মারা যায়। এ হাসপাতালে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য অস্ত্রোপচার কক্ষ থাকলে তাদের এমন পরিণতি হতো না। হাসপাতালের একজন শল্যচিকিৎসক জানান, জরুরি বিভাগে আটজন চিকিৎসক পালা করে দায়িত্ব পালন করেন। তাঁদের অধিকাংশই বিভিন্ন সময় প্রশিক্ষণে কিংবা অন্য হাসপাতালে প্রেষণে দায়িত্ব পালন করেন। ফলে চিকিৎসক-সংকটের কারণে হাসপাতালের জরুরি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। তা ছাড়া গুরুতর অসুস্থ লোকজনের জরুরি অস্ত্রোপচারের দরকার হলেও অস্ত্রোপচার কক্ষ চালু না থাকায় তা করা যায় না। ওই চিকিৎসক আরও জানান, অন্য মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি ও জরুরি অস্ত্রোপচার কক্ষ থাকলেও ২০০৬ সালে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর হওয়া এই হাসপাতালে তা নেই। জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল করিম জানান, মারাত্মক আঘাত কিংবা গুরুতর সমস্যা (অ্যাপেনডিসাইটিস ও নাড়িভুঁড়ি পেঁচিয়ে যাওয়া ইত্যাদি) নিয়ে আসা রোগীদের জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার দরকার হলেও তাঁরা তা করতে পারছেন না। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান রোগীর জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারে ব্যাঘাতের কথা স্বীকার করে বলেন, অজ্ঞানবিদ (অ্যানেসথেসিওলজিস্ট), চিকিৎসকসহ জনবলের অভাবে ক্যাজুয়ালিটি ব্লক, ক্যাজুয়ালিটি ও সার্জারি ওটি চালু করা যাচ্ছে না। গত বছরের জুলাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যানেসথেটিস্ট, চিকিৎসক, এমএলএসএসহ ৫০টি পদে জনবল নিয়োগের আবেদন করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে জনবল নিয়োগ দিয়ে ক্যাজুয়ালটি বিভাগ, অস্ত্রোপচার ও জরুরি শল্য অস্ত্রোপচার কক্ষ চালু করা হবে।