অস্ত্রোপচারকালে শিশুকে মেরে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা থেঁতলানো, পেট. নাভিসহ শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ নিয়ে নবজাতক শিশুটি পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। শিশুটির বাবার অভিযোগ, আনাড়ি চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে বের করার সময় শিশুটিকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছে। এ অভিযোগের তদন্তের অংশ হিসেবে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে। গত শনিবার রাতে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।শিশুটির বাবা জিয়াউল করিম সরকার বলেন, ‘গর্ভাবস্থার প্রথম থেকেই ইয়াসমিন রহমান নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা জেসমিন। ৭ নভেম্বর তাঁর প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু শনিবার বিকেলে ব্যথা অনুভব করলে রোজিনাকে মেট্রোপলিটন হাসপাতালে তাঁর নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। গর্ভের বাচ্চা সুস্থ আছে জানিয়ে রাত সাড়ে আটটায় অস্ত্রোপচার শুরু করেন তিনি।’জিয়াউল করিমের অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক ইয়াসমিন তাঁকে জানান, শিশুটি মায়ের গর্ভেই মারা গেছে। তাঁর অভিযোগ নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তা ছাড়া সংশ্লিষ্ট চিকিৎসক কোনো মৃত্যু সনদও দেননি। এ বিষয়ে তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন জিয়াউল।এর ভিত্তিতে পুলিশ শিশুটির লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তেজগাঁও থানার এসআই জসিম উদ্দিন সরকার বলেন, ‘নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে মামলা হবে।’এদিকে অস্ত্রোপচারের পরপরই হাসপাতাল থেকে চলে যান চিকিৎসক ইয়াসমিন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, মায়ের গর্ভেই ওই নবজাতকের মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে থাকা আঘাতের চিহ্নের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ইয়াসমিন।