অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী মোহাম্মদ সিরাজ (৫৫) ২৮ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। গতকাল বুধবার বেলা তিনটার দিকে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দীর্ঘদিন চাকরি করেও তা স্থায়ী না হওয়ায় সহকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং অধিদপ্তরের সামনের সড়ক অবরোধ করেন।জানা গেছে, সিরাজ গণপূর্ত অধিদপ্তরের পেছনের কোয়ার্টারে থাকতেন। গতকাল তিনি অফিস থেকে দুপুরে খাওয়ার জন্য বাসায় যান। ভাত খাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। সিরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পূর্ত ভবনের অস্থায়ী কর্মচারীরা জড়ো হন। চাকরি স্থায়ীকরণের দাবিতে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। কর্মচারীরা পরে অধিদপ্তরের সামনের সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে কর্মচারীদের ফটকের ভেতরে ঢুকিয়ে দেয়। অস্থায়ী ভিত্তিতে কর্মরত গাড়িচালক শাহজাহান অভিযোগ করেন, সারা দেশে প্রায় দুই হাজার ৪০০ কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। প্রতি ১০ বছর অন্তর তাঁদের স্থায়ী করার নিয়ম থাকলেও তা না মেনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাইরের লোকদের চাকরি দেওয়া হচ্ছে। শুধু শাহজাহানই নন, তাঁর মতো অনেকেই একই ক্ষোভের কথা জানালেন।গতকাল বিকেল পাঁচটার দিকে প্রধান প্রকৌশলী তাঁর কার্যালয় থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে উদ্যত হন। এ সময় ফটকের সামনে কর্মচারীদের উত্তেজনা দেখে তিনি আবার নিজ কক্ষে ফিরে যান। কর্মচারীর মৃত্যু এবং অন্যদের ক্ষোভের কারণ জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিন প্রথম আলোকে বলেন, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া প্রায় অর্ধেকের বেশি কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। অবশিষ্ট কর্মচারীদের স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি সংস্থাপন মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।মৃত সিরাজের বড় ছেলে শহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েন। তাঁর বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে এখন পরিবারটি অনিশ্চয়তায় পড়েছে। সিরাজের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কহরিয়া গ্রামে। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।