অস্থায়ী পশুর হাটের প্রস্তুতিতে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদের আর মাত্র এক মাস বাকি। প্রতিবছর ঈদের প্রায় এক মাস আগেই শেষ হয়ে যায় অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি। অস্থায়ী ভিত্তিতে হাটের ইজারার কাজটি সম্পন্ন করে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। কিন্তু এ বছর গরুর অ্যানথ্রাক্স আক্রান্তের কারণে অস্থায়ী পশুর হাটের প্রস্তুতিও চলছে ঢিমেতালে।ডিসিসি জানিয়েছে, শেষ পর্যায়ে রয়েছে হাট ইজারার দরপত্র প্রক্রিয়া। আগামী সপ্তাহে এ প্রক্রিয়া শেষ হবে। মাংস ব্যবসায়ীদের অভিমত, অ্যানথ্রাক্সের কারণে দেশীয় উৎপাদিত পশুর সংখ্যা কম। এ কারণে কোরবানির পশুর সংকট দেখা দিতে পারে।গত বছর ২৮ নভেম্বর কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়। আর ঈদের প্রায় এক মাস আগে অর্থাৎ ২৯ অক্টোবর অস্থায়ী হাটের ইজারা সম্পন্ন হয়। কিন্তু চলতি বছর গরুতে অ্যানথ্রাক্স দেখা দেওয়ায় ধীরগতিতে চলছে ডিসিসির হাট ইজারার প্রক্রিয়া। অথচ আগামী ১৭ নভেম্বর বুধবার কোরবানির ঈদ অনুষ্ঠিত হওয়ার কথা।ডিসিসির সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা জানান, গত বছর রোজার ঈদের পরপরই হাটের ইজারার প্রস্তুতি নেওয়া হয়। এ বছর অ্যানথ্রাক্সের কারণে দরপত্র প্রক্রিয়া দেরিতে শুরু করা হয়েছে। ইতিমধ্যে পশুর হাটের দরপত্রের জন্য অনুমোদন চেয়ে মেয়রের কাছে ফাইল পাঠানো হয়েছে। জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, ‘রাজধানীতে চার দিনের জন্য পশুর হাট বসানোর ইজারা দেওয়া হয়। এ বছরও হাটের ইজারার প্রস্তুতি চলছে। অস্থায়ী হাটের ফাইল ১৩ অক্টোবর অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ অক্টোবরের মধ্যে দরপত্র-প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।’বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম এ প্রতিবেদককে বলেন, প্রতিবছর কোরবানির ঈদের এক-দেড় মাস আগে থেকে কৃষকেরা বিক্রির জন্য পশু পালন শুরু করেন। কিন্তু এ বছর অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে অনেকেই পশু পালন থেকে দূরে ছিলেন। ফলে এ বছর দেশীয় পশুর সংকট দেখা দেবে। ডিসিসি সূত্রে জানা গেছে, এ বছর সম্ভাব্য অস্থায়ী পশুর হাটগুলো হচ্ছে—ঝিগাতলা-হাজারীবাগ, আগারগাঁও, ধূপখোলা মাঠ, রহমতগঞ্জ মাঠ, খিলক্ষেত, শাহজাহানপুর, তালতলা, আজমপুর, আরমানিটোলা মাঠ, গোপীবাগ-কমলাপুর এবং বনানী-কাকলী। স্থান সংকুলানের অভাবে দোলাইরপাড় স্কুল মাঠের হাট বসছে না। নির্মাণাধীন কুড়িল ফ্লাইওভারের কারণে কুড়িল-পূর্বাচল খালি জায়গা এবং গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের মালামাল রাখায় গোলাপবাগ মাঠে হাট বসানোর চিন্তা বাদ দেওয়া হয়েছে। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট বসে গাবতলীতে। গত বছর এ হাটের সর্বোচ্চ দর উঠেছিল ছয় কোটি ৩৫ লাখ টাকা। এরপর দ্বিতীয় স্থানে থাকে আরমানিটোলা-নয়াবাজার পশুর হাট। গত বছর এ হাটের দরপত্র আহ্বান করা হলে দুই কোটি ৫৫ লাখ টাকা দর ওঠে। পরে পুনঃদরপত্রের মাধ্যমে হাটের পরিধি কমিয়ে শুধু আরমানিটোলা মাঠে গরু ওঠার সিদ্ধান্ত হয়। তখন দর ওঠে মাত্র ৬৬ লাখ টাকা। কিন্তু হাটের পরিধি শেষ পর্যন্ত আরমানিটোলা মাঠ ছাড়িয়ে নয়াবাজার, ফ্রেঞ্চ রোড, বংশাল রোড, সৈয়দ নজরুল ইসলাম সরণিসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। গত বছর ইজারাদারেরা কয়েক কোটি টাকা কামিয়ে নেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।