অস্থিতিশীল পরিস্থিতির কারণে তদন্ত শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্যের গুদামে আগুনের ঘটনার তদন্ত শুরু করতে পারেনি ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ভরত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতির তাঁরা গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেননি। তবে আজ রোববার কমিটির সদস্যরা ঘটনাস্থলে যাবেন এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন। তিনি বলেন, ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি বা বৈদ্যুতিক গোলযোগ থেকে গত শুক্রবার এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। এদিকে এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, গত শুক্রবারই সিভিল এভিয়েশনের পরিচালক (এয়ার ট্রাফিক সার্ভিস) আজাদ জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত শুক্রবার দুপুরে বিমানবন্দরের ওই আমদানি পণ্যের গুদামে আগুন লাগে। এতে আন্তর্জাতিক কুরিয়ার কোম্পানি ফেডেক্স ও ইউপিএসসহ অন্তত ৪৫টি প্রতিষ্ঠানের আমদানি পণ্য ও কাগজপত্র ছিল।গতকাল যোগাযোগ করা হলে ইউপিএসের কর্মকর্তা তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, দু-একটি প্রতিষ্ঠানের ২০ থেকে ২৫ শতাংশ পণ্য অক্ষত থাকলেও বাকি প্রতিষ্ঠানগুলোর সব পণ্য, মূল্যবান সরঞ্জাম ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।