অস্থিসন্ধি প্রতিস্থাপন সেবা জেলা পর্যায়ে পৌঁছে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, গত কয়েক বছর ধরে অর্থোপেডিকের বিভিন্ন বিষয়ে উন্নতির ক্ষেত্রে মোটামুটি একটি অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। দেশে হাড়ের জোড়া বা কৃত্রিমভাবে অস্থিসন্ধি প্রতিস্থাপনের বিষয়টিতে এখনো তেমন উন্নতি হয়নি। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য একটি ইনস্টিটিউট গড়ে তোলা দরকার। এ ছাড়া জেলাপর্যায়ে এই সেবা পৌঁছে দিতে হবে।গতকাল শনিবার শ্যামলীর ট্রমা সেন্টারে ‘হিপ অ্যান্ড নি আরথ্রোপ্লাস্টি’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে এ ধরনের সেবা পৌঁছে দেওয়া সম্ভব না হলে শহরে রোগীর ভিড় কখনোই কমবে না।ট্রমা সেন্টারের চলমান মেডিকেল শিক্ষা কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইলা হক। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন ভারতের ইন্ডিয়ান ইনজুরিস সেন্টারের জয়েন্ট রিপ্লেসমেন্ট ও আরথ্রোস্কপির প্রধান ডা. জে মহেশ্বরী। জে মহেশ্বরী বলেন, উন্নত বিশ্বে একই ছাদের নিচে সব ব্যবস্থা থাকে। নার্স থেকে শুরু করে অস্ত্রোপচারের পুরো দলটি থাকে প্রশিক্ষিত। ফলে অনেক জটিলতার হাত থেকে বাঁচা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশ বা ভারতের মতো দেশে অস্ত্রোপচারের টেবিলে গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় অনেক কিছুই নেই। তাই সার্বিক বিষয় পরিকল্পনা করে এগোতে হবে। রোগী লম্বা না বেঁটে, মোটা না চিকন সব দিক বিবেচনায় আনতে হবে। কেন না একটু ভুলের কারণে সেই রোগী হয়তো সারা জীবন আর হাঁটতেই পারবেন না।মহেশ্বরী রোগীদের ব্যথা ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং ট্রমা সেন্টারে কর্মরত ব্যক্তিরা একের পর এক প্রশ্ন করে দুই দেশের অবস্থান জেনে নেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যাপক আর আর কৈরী, অধ্যাপক এস কে নুরুল আলম, ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক জিয়াউল হক আলোচনায় অংশ নেন।