ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সায়রা আক্তার (২৬) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে হাসপাতালের পেছনে তাঁর লাশ পাওয়া যায়। সায়রার বড় ভাই ফয়জুল ইসলাম বলেন, ৫ জুন অন্তঃসত্ত্বা সায়রাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরদিন তাঁর একটি মৃত ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন সায়রা। এরপর সায়রার কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শমতো তাঁকে হাসপাতালের ৯০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘আজ (গতকাল) ভোরে ঘুম থেকে উঠে অনেক খোঁজাখুঁজি করেও সায়রাকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশকে খবর দিলে জানতে পারি হাসপাতালের পেছনে একটি লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে দেখি সায়রা মৃত অবস্থায় পড়ে আছে।’ ফয়জুল বলেন, তাঁদের বাড়ি নীলফামারীর জলঢাকায়। আট বছর আগে সায়রার বিয়ে হয়। কিন্তু তাঁদের সন্তান হচ্ছিল না। মৃত সন্তানটিই ছিল তাঁর প্রথম সন্তান। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে ফয়জুল জানিয়েছেন।