অহিদুজ্জামান হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতা অহিদুজ্জামান হত্যায় জড়িত অভিযোগে গত মঙ্গলবার রাতে আরও চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) দেওয়া হয়েছে।র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে র‌্যাব-২-এর একটি দল আদাবর থানার শেখেরটেকের ৭ নম্বর সড়ক ও মোহাম্মদপুরের কলেজগেটে অভিযান চালায়। র‌্যাবের সদস্যরা সাইফুল ইসলাম (২১), শহিদুল ইসলাম (২১), মারুফ আমিন (১৮) ও আল মামুনকে (১৮) গ্রেপ্তার করেন। পরে তাঁদের র‌্যাব-২-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।র‌্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ এহসান সাত্তার জানান, গ্রেপ্তারকৃত সাইফুল র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগের নেতা অহিদুজ্জামানকে গুলি করে হত্যা করেছেন। তাঁদের ভাড়া করে আনা হয়েছিল। তিনি ভাগে ২০ হাজার টাকা পেয়েছেন। বাকি তিনজন হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেন।সহকারী পরিচালক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার খুনি। হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কারা ছিল, তা উদ্ঘাটনে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা দরকার। গ্রেপ্তার করা চারজনকে আদাবর থানায় সোপর্দ করা হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মাহাবুবুর রহমান জানান, গত বুধবার ডিবি অহিদুজ্জামান হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে। থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতা মনোয়ার হাসানের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে। মনোয়ারের দেওয়া জবানবন্দি যাচাই করা হচ্ছে। ১৩ এপ্রিল সন্ত্রাসীরা অহিদুজ্জামানকে গুলি করে হত্যা করেন।