গবাদিপশুর বহুল আলোচিত ব্যাধি অ্যানথ্রাক্স নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, সচেতন থাকলে এ রোগ নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতি গতকাল সোমবার ‘অ্যানথ্রাক্স রোগের লক্ষণ ও প্রতিকার’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সানিয়া তাহমিনা ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক অনুপ কুমার সাহা।সেমিনারে বক্তারা অ্যানথ্রাক্সের লক্ষণ ও পশুর শরীর থেকে তা মানবদেহে কীভাবে বিস্তার লাভ করে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ রোগের প্রতিকার, প্রতিষেধক এবং কীভাবে এ রোগ থেকে দূরে থাকা যায়, তা নিয়েও কথা বলেন তাঁরা।বক্তারা বলেন, একমাত্র অ্যানথ্রাক্স-আক্রান্ত গবাদিপশুর মাংস খেলে কিংবা সংস্পর্শে এলেই এ রোগ হবে। আক্রান্ত ছাড়া অন্য কোনো গবাদিপশুর মাংস কিংবা দুধ খেলে অ্যানথ্রাক্স হওয়ার কোনো আশঙ্কা নেই। অ্যানথ্রাক্সের জীবাণু কোনো গবাদিপশুর শরীরে ঢুকলে ওই পশু এক থেকে চার সপ্তাহের মধ্যে অবশ্যই আক্রান্ত হবে। কোনো গবাদিপশু গৃহস্থের পর্যবেক্ষণে কোরবানির আগে চার সপ্তাহের বেশি সময় সুস্থ থাকলে ওই পশু আসন্ন কোরবানিতে জবাই করা যাবে, কোনো সমস্যা হবে না। সেমিনারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বেনজির আহমেদ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আবুল ফয়েজ, কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।