অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে মানবসভ্যতাকে ধ্বংস করতে ক্রমাগত মাথা তুলে দাঁড়াচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। চিকিৎসার নামে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে প্রতিরোধ ক্ষমতা ক্রমাগতভাবে অকার্যকর হয়ে যাচ্ছে। দেশে ইতিমধ্যে বিভিন্ন অপারেশনের ক্ষত শুকানো ও রোগ সারাতে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। ফলে আশঙ্কাজনকভাবে বাড়ছে জীবনের আশঙ্কা ও চিকিৎসার ব্যয়৷
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যালয়ে এক আলোচনা সভায় পবার একটি সমীক্ষার ফলাফলে এই উদ্বেগজনক তথ্য বেরিয়ে আসে। ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: মহাদুর্যোগের পদধ্বনি’ শীর্ষক এক আলোচনা সভায় এই তথ্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই অবস্থায় এক বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রোগজীবাণুর আবির্ভাব ঘটতে পারে। যার আক্রমণে মানবসভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হতে পারে। তাই এই মহাদুর্যোগ রোধে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিকের প্রতি রোগজীবাণুর সংবেদনশীলতা কমে আসার ঘটনা পরীক্ষাগারে প্রমাণিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ফ্যাক্ট শিট ১৯৪ নম্বরে’ বলা হয়েছে, ইতিমধ্যে বিশ্বের ১৯টি দেশে যৌন রোগ গনোরিয়ার চিকিৎসায় কোনো ধরনের ওষুধ কাজ করছে না। এর ধারাবাহিকতা থামানো না গেলে দ্রুত গনোরিয়া চিকিৎসা অযোগ্য একটি রোগ হয়ে যাবে।
সভায় বক্তারা বলেন, এক গবেষণায় দেখা গেছে, দেশে জ্বরের ক্ষেত্রে ৮০ শতাংশ ও ডায়ারিয়ার ক্ষেত্রে ৯০ শতাংশ রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এই দুটো ক্ষেত্রের অধিকাংশ রোগীকে এই ওষুধ দেওয়া অযৌক্তিক ও অপ্রয়োজনীয়।
পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধের আলোকে বক্তব্য দেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী। এ ছাড়া পবার চেয়ারম্যান আবু নাসের খান, বিসিএসআইআরের পুষ্টি খাদ্য বিভাগের সাবেক পরিচালক ফরমুজুল হক, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমদ, উজ্জয়নী মহিলা সংগঠনের সভাপতি রাজিয়া সামাদ, প্রকৌশলী আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।