অ্যাম্বুলেন্স থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে বাসার সামনে থাকা অ্যাম্বুলেন্স থেকে ইফতেখার আহমেদ ওরফে বাপ্পী (২৬) নামের একজন ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইফতেখারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ইফতেখারের মা শাহিদা আক্তারের অভিযোগ, স্ত্রী মারিয়া ছন্দা তাঁকে হত্যা করেছেন। পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। মিরপুর থানা সূত্র জানায়, যমুনা ব্যাংকের ফার্স্ব এক্সিকিউটিভ কর্মকর্তা ইফতেখার তাঁর স্ত্রী ও সাত মাসের সন্তান মেনহাকে নিয়ে মিরপুর ১০-এর বি-ব্লকের দুই নম্বর লেনে ভাড়া থাকতেন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ বুধবার দিবাগত রাত ১২টার দিকে ইফতেখারের লাশ উদ্ধার করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।ইফতেখারের মা শাহিদা আক্তার বাদী হয়ে পুত্রবধূ মারিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ মারিয়াকে গ্রেপ্তার করে। মারিয়া বলেছেন, পারিবারিক কলহের জের ধরে ইফতেখার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ইফতেখার ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ইফতেখারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাইতকান্দিতে।