ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘মহামিলন উত্সব’ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে করা হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের নিচতলার অ্যালামনাই ফ্লোরে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাসচিব রকীবউদ্দীন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের ৮৯তম এবং অ্যাসোসিয়েশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। উত্সবে প্রায় পাঁচ হাজার অ্যালামনাই অংশ নেবেন। অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এই প্রথম এত বড় আকারে মিলনমেলার আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।আগামী শনিবার কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে শীতের পিঠা দিয়ে প্রাতরাশের মাধ্যমে। পরে উদ্বোধনী পর্বে একটি ব্যতিক্রমী সংগীতানুষ্ঠান, দশকভিত্তিক অ্যালামনাই স্মৃতিচারণা, দুপুরের খাবার, পুনরায় কিছুক্ষণ স্মৃতিচারণা, শুধু অ্যালামনাই পরিবারের সদস্যদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্বে থাকবে সংগীতানুষ্ঠান ও রাতের খাবার।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আ ফ ম শাহেদ আলী, কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক প্রবাল চন্দ্র বিশ্বাস ও সদস্য মনসুর আহমেদ চৌধুরী।১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৪৯ সালে কয়েকজন প্রাক্তন ছাত্রের উদ্যোগে গঠিত হয় ‘ঢাকা ইউনিভার্সিটি ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন’। ১৯৫৯ সালে এর নাম সামান্য পরিবর্তন করে রাখা হয় ‘ঢাকা ইউনিভার্সিটি ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’। সর্বশেষ ১৯৬০ সালে নামকরণ করা হয় ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।