মিরপুরে ঢাকা চিড়িয়াখানায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার গৃহবধূ নাসিমা আক্তার ওরফে প্রিয়ার (২২) অবস্থার গতকাল বৃহস্পতিবার অবনতি হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, অ্যাসিডে নাসিমার মুখমণ্ডল, গলা ও হাত পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুদিনেও অ্যাসিড হামলাকারীকে শনাক্ত করতে পারেনি শাহ আলী থানার পুলিশ। গত বুধবার বিকেলে স্বামীর সঙ্গে ঢাকা চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে গৃহবধূ নাসিমা আক্তার অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন।
নাসিমার অবস্থা সম্পর্কে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল গতকাল প্রথম আলোকে বলেন, নাসিমার অবস্থা আশঙ্কাজনক। অ্যাসিডে নাসিমার ৭ শতাংশ পুড়লেও আক্রান্তস্থলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। অ্যাসিড তাঁর বাঁ চোখেও লেগেছে। চোখটির ক্ষতি হয়েছে কি না, তার জন্য তাঁকে চক্ষু চিকিৎসককে দেখানো হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি ঘটলে তাঁর ক্ষতস্থলে অস্ত্রোপচার করা হবে।
গতকাল দুপুরে বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে দেখা যায়, নাসিমা আক্তার কাতরাচ্ছেন। তাঁর চোখ ও মুখ ফুলে গেছে। প্রায় নিস্তেজ হয়ে পড়া শরীরের ঘাটতি পূরণে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে।
মেয়ের বিছানার পাশে বসে ছিলেন নাসিমার উদ্বিগ্ন মা। তিনি বলেন, ‘দুই বছর আগে হোমিও চিকিৎসক সুজন হোসেনের সঙ্গে বিয়ে হয়। কী করে এ ঘটনা ঘটল বুঝে উঠতে পারছি না। নাসিমা স্বামীর সংসারেও তো সুখেই ছিল।’
নাসিমার স্বামী হোমিও চিকিৎসক সুজন হোসেন বলেন, এক হিজড়া তাঁর স্ত্রীর ওপর অ্যাসিড ছুড়েছে। তিনি ওই হিজড়াকে আটকালেও ধরে রাখতে পারেননি।
শাহ আলী থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে নাসিমার স্বামী সুজন হোসেন বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়, শাড়ি পরা এক হিজড়া নাসিমাকে অ্যাসিড ছুড়ে মেরেছে। মামলার অগ্রগতি জানতে চাইলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হামলাকারী হিজড়া না অন্য কেউ, তা শনাক্ত করা যায়নি।
মানববন্ধন: নাসিমাকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে এবং অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা চিড়িয়াখানার সামনে মানববন্ধন করবে প্রথম আলো ট্রাস্ট৷