আ.লীগ ও বিএনপিকে আপদ ও বিপদ বললেন বাম নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপি—এই দুই রাজনৈতিক দলের শাসনামলকে ‘আপদ’ ও ‘বিপদ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম গণতান্ত্রিক মোর্চার নেতারা। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাম মোর্চার যৌথ সমাবেশে নেতারা এই মন্তব্য করেন। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোশরেফা মিশু, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, জোনায়েদ সাকী, নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক আবদুস সাত্তার, রাজেকুজ্জামান রতন, আহসান হাবিব প্রমুখ।বক্তারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি হলো লুটেরা ধনিক শ্রেণীর দ্বিদলীয় ধারা। এই দুই দলের লুটপাটের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বক্তারা বলেন, অতীতে দেশ পরিচালনায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের ব্যর্থতা মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছিল। সে দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ক্ষমতায় এনেছিল মানুষ। কিন্তু আওয়ামী লীগও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশ ও দেশের মানুষ আজ গভীর সংকটে নিমজ্জিত।বক্তারা বলেন, বারবার ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু নীতির পরিবর্তন হয় না। ফলে জনগণকে একবার ‘আপদ’ আরেকবার ‘বিপদ’, এমনকি মহাবিপদের সম্মুখীন হতে হয়। এই দ্বিদলীয় আপদ-বিপদ আর মহাবিপদের হাত থেকে রক্ষা পেতে বাম বিকল্প শক্তি গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাম বিকল্প গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।সমাবেশে বলা হয়, ২৬ ডিসেম্বর টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং ১ জানুয়ারি সাম্রাজ্যবিরোধী দিবসে সমাবেশ ও মিছিল করা হবে।