আ.লীগ ও সহযোগী সংগঠনের হরতাল বিরোধী মিছিল
জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনেও রাজধানীতে হরতালবিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, পুরানা পল্টন মোড় ও গুলিস্তান এলাকায় হরতালবিরোধী মিছিল-স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। হরতালের প্রতিবাদে নগরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠন মিছিল করে। এসব মিছিলে সংগঠনগুলোর থানা, ওয়ার্ড ও ইউনিটগুলো অংশ নেয়। ফার্মগেট, শনিরআখড়া, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় সাংসদ ও সরকার সমর্থকেরা হরতালবিরোধী মিছিল করে। যুবলীগ নেতৃত্বাধীন যুব সংগ্রাম পরিষদ জামায়াত-শিবিরের হরতাল, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ করে। এর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশপাশের সড়কে মিছিল করে। ১৪ দলের শরিকদের যুব সংগঠনের সমন্বয়ে যুব সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে।সমাবেশে যুব সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান, যুবমৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর, যুব আন্দোলনের সভাপতি মো. শাহিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।স্বেচ্ছাসেবক লীগের একটি হরতালবিরোধী মিছিলও রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে এসে সমাবেশ করে। কৃষক লীগ সমাবেশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে।