আ.লীগ নেতার বাধায় গুলশানে নলকূপ বসাতে পারছে না ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেকপাড়ের পরিবেশ নষ্ট হবে—এই অজুহাতে গুলশানে ওয়াসার একটি গভীর নলকূপ বসাতে বাধা দিচ্ছেন আবদুল কাদের খান। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ঢাকার ভোলা সমিতির সভাপতি হিসেবে পরিচিত। গুলশানের ১২৩ নম্বর রোডের সরকারি জমিতে সরকারি সংস্থা ওয়াসাকে নলকূপটি বসাতে বাধা দিচ্ছেন তিনি। অথচ ১১৬ থেকে ১২৪ নম্বর রোড পর্যন্ত পানির সংকট চলছে এক বছরেরও বেশি সময় ধরে। স্থানীয়দের নানামুখী তদবির-তত্পরতার পর ওয়াসা নলকূপটি বসানোর উদ্যোগ নেওয়ার পর এই বাধা এসেছে। এ ব্যাপারে ওয়াসার পক্ষ থেকে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে। নলকূপ স্থাপনের ওই জায়গা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। তারা ১২৩ নম্বর রোডের শেষ প্রান্তে লেকের পাড়ে (গুলশান ৪১ ও বনানী ১১ নম্বর রোডের সংযোগ সেতুর পূর্ব পাশে) নলকূপটি বসাতে জমি ব্যবহারের অনুমতিও ওয়াসাকে দিয়েছে। ইতিমধ্যে কাদের খান তাঁর বাড়ির প্রধান প্রবেশপথ থাকা সত্ত্বেও নলকূপের জন্য বরাদ্দকৃত ওই জমির দিকে মুখ করে আরেকটি প্রবেশপথ বানিয়েছেন। ১২০ নম্বর রোডের নাসিমা আলী প্রথম আলোকে বলেন, সরকারি ওই জায়গা দখলের উদ্দেশ্যে কাদের খান নলকূপটি বসাতে বাধা দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা মাসের পর মাস পানির কষ্টে আছি। কাদের খান আওয়ামী লীগ নেতার পরিচয়ে প্রভাব খাটিয়ে এটি বন্ধ করতে চান।’ ১২৩ নম্বর রোডের মোহাম্মদ আলী বলেন, ‘লেকপাড়ের পরিবেশ বজায় রাখার আন্দোলনে আমরা নেই। পানির অভাবে বাচ্চাদের নিয়ে জীবন আর বাঁচছে না।’ এলাকার শামসুর রহমান বলেন, ‘আমার মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ করতে হয় পানি কিনতে। আর কাদের খান রাস্তার কিছু লোক জড়ো করে পরিবেশের দোহাই দেন। এটা মানা যায় না।’ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিকা ইসলাম বলেন, ওয়াসার পাম্প বসানোর দিনে কাদের খান যেসব লোক নিয়ে বাধা দিয়েছিলেন, তাঁরা কেউ গুলশানের বাসিন্দা নন। তাঁদের কাউকে কোনো দিন এই এলাকায় দেখা যায়নি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাজধানীর পানি সংকট নিরসনে নেওয়া কিছু জরুরি পদক্ষেপের আওতায় গুলশানের ওই এলাকায় নলকূপ বসাতে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় কাদের খান কিছু লোকজন জড়ো করে সরকারি কাজে বাধা দিয়েছেন। এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে।’এ বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল শনিবার ১২৩ নম্বর রোডে কাদের খানের বাসায় গেলে বাসার লোকজন জানান, তিনি ঘুমাচ্ছেন। দেখা করা সম্ভব নয়। তবে ইন্টারকমে তাঁর ছেলে পরিচয় দিয়ে একজন কাদের খানের মুঠোফোন নম্বর দিয়ে পরে যোগাযোগ করতে বলেন। পরে ওই নম্বরে ফোন করা হলে একবার ধরে প্রথম আলোর কথা শুনে কেটে দেওয়া হয়। তারপর বারবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাদের খানের বাড়িটির মূল গেট ১১৮ নম্বর রোডের দিকে। তবে পুর্ব দিকে আরেকটি ছোট প্রবেশ পথ রয়েছে। এ বিষয়ে রাজউক সূত্র জানায়, ওই বাড়ির জন্য অনুমোদিত নকশায় ১১৮ নম্বর রোডের দিকে মূল গেট রয়েছে। অন্য কোনো গেটের অনুমোদন নেই। এ বিষয়ে জানতে চাইলে কাদের খান বলেন, ‘আমি সরকারি লোক। সরকারের নির্দেশ অবশ্যই মানব। ওয়াসা সরকারের অংশ। তারা তাদের মতো কাজ করুক।’ তিনি লোকজন নিয়ে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হওয়া ও বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। ওয়াসার দায়ের করা মামলার বিষয়ে কাদের খান বলেন, ‘এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমি শুধু বলেছি, আমার বাড়ির পাশের ১০ ফুট জায়গা ছেড়ে পূর্ব দিকে ওয়াসা পাম্প করুক।’