আ.লীগ প্রতিহত করবে না কর্মীদের সতর্ক রাখবে
বিরোধী দলের অবরোধ কর্মসূচি প্রতিরোধ বা প্রতিহত করার আনুষ্ঠানিক কর্মসূচি সরকারি দল আওয়ামী লীগের নেই। তবে রাজধানীসহ বিভাগীয় ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক পাহারায় রাখা হবে। বিশেষ করে রাজধানীতে জামায়াত-শিবির মিছিল বা সংগঠিত হওয়ার চেষ্টা করলে পাড়া-মহল্লায় ঠেকানোর চেষ্টা করা হবে।আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, বিএনপি অবরোধ কর্মসূচি দিলেও দেশ অচল করে দেওয়ার মতো সাংগঠনিক সামর্থ্য এখনো অর্জন করতে পারেনি। তবে বিএনপির ওপর ভর করে চোরাগোপ্তা হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে জামায়াত-শিবির। সে জন্যই রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কিছু ভ্রাম্যমাণ আদালত তৎপর থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে।একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, জামায়াত চোরাগোপ্তা হামলা করে কিছুটা আতঙ্ক তৈরি করতে পেরেছে। কিন্তু রাজনৈতিকভাবে লাভবান হয়নি। তাদের অপতৎপরতার কারণে কিছু স্থানে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছেন। সে জন্য আওয়ামী লীগ মাঠে নেমে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না। তাই কোনো সভা-সমাবেশ বা মিছিলের কর্মসূচি দেওয়া হয়নি। আওয়ামী লীগের আরেকজন কেন্দ্রীয় নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে মনোবল না হারায়, সে জন্য দলীয় নেতা-কর্মীরা তৎপর থাকবেন। সে ক্ষেত্রে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় নেতা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো কর্মসূচি নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছু সামাল দেবে।’ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা-কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় ও ইউনিয়নে সতর্ক ও সজাগ থাকবে। কোনো রকম নাশকতা করার চেষ্টা হলে প্রতিরোধ করা হবে।’