আ.লীগের হাসু ও কাসুকে বহিষ্কার, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদাবর থানা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের ওপর হামলার ঘটনায় স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন: ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম হাসু ও তাঁর ভাই আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম কাসু।মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের যৌথ সভায় ওই দুই ব্যক্তিকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। হামলার কয়েক দিন পর আহত রিয়াজ মাহমুদ বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন। তবে মামলার ব্যাপারে তথ্য দিতে গড়িমসি করে পুলিশ। জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার প্রথম আলোকে জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। পরে খোঁজখবর নিয়ে আবার ফোন করলে তিনি জানান, মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, ঘটনাটি এসআই আকতার তদন্ত করছে। তিনিই ভালো বলতে পারবেন।যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, ‘আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদন্তের স্বার্থে কিছু বলতে পারছি না।’ স্থানীয় সূত্র ও থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ১৪ নভেম্বর বেলা ১১টার দিকে আদাবর থানা এলাকায় হাসেম ও কাশেমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী রিয়াজ মাহমুদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তাঁকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। রক্তাক্ত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। রিয়াজ কয়েক দিন পর কিছুটা সুস্থ হয়ে হাসেম ও কাশেমসহ কয়েকজনের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করেন। রিয়াজ বর্তমানে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।নেতা-কর্মীরা অভিযোগ করেন, হাসেম-কাশেমের সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ করায় এবং দলীয় প্রতিহিংসাবশত রিয়াজ মাহমুদের ওপর হামলা চালানো হয়েছে।এদিকে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খান ও সাধারণ সম্পাদক হাবিবুল রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়। ১৮ নভেম্বর থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় হাসেম ও কাশেমের বিরুদ্ধে দখলবাজি ও সন্ত্রাসীদের লালন-পালন, খুন, ডাকাতি, সন্ত্রাসীদের দিয়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাদের ওপর হামলা, বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। বহিষ্কারের পর তাঁদের আওয়ামী লীগ ঘোষিত সাংগঠনিক মিছিল ও সমাবেশ থেকে নিজেদের বিরত থাকতে বলা হয়েছে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে ওই হামলার কথা উল্লেখ করা হয়নি।হামলা ও বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে আবুল হাসেম মুঠোফোনে প্রথম আলোকে জানান, কেন্দ্রীয় কমিটি ছাড়া কেউ কাউকে বহিষ্কার করতে পারে না। রিয়াজ মাহমুদ নামে কাউকে তিনি চেনেন না বলেও দাবি করেন। হামলার ঘটনায় তিনি জড়িত নন বলেও জানান। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জমি দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি।