বাংলাদেশে গৃহকর্মী নির্যাতন বন্ধে এবং তাদের অধিকার সুরক্ষায় কার্যকর আইন তৈরি ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বেসরকারি বিভিন্ন সংস্থা। এ ছাড়া তারা গৃহকর্মীদের অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৮৯ সনদে বাংলাদেশের দ্রুত অনুসমর্থন করার দাবি জানিয়েছে।রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গৃহকর্মী সুরক্ষাবিষয়ক দুই দিনব্যাপী পরামর্শ সভা থেকে এ আহ্বান জানানো হয়। গতকাল সোমবার এই পরামর্শ সভা শেষ হয়। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা মাইগ্রেন্টস ফোরাম, এশিয়ার সহযোগী সংগঠন আইন ও শালিস কেন্দ্র, রিফিউজি অ্যান্ড মাইগ্র্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু), ওয়ারবি ও সলিডারিটি সেন্টার যৌথভাবে সভার আয়োজন করে।গতকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম বলেন, ‘বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ২০১২ সালের শ্রমনীতিতে গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় একটি খসড়া নীতিমালা অন্তর্ভক্ত করা হয়েছে। এ-সংক্রান্ত আইএলও সনদে স্বাক্ষর করার বিষয়ে একমত সরকার। কিন্তু দক্ষিণ এশিয়া অঞ্চলের কোনো দেশই এখন পর্যন্ত এটি অনুসমর্থন করেনি।’বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, বাংলাদেশ অনেক আইনেই অনুসমর্থন করে। শুধু এটি করলেই কেবল চলবে না, এগুলোর বাস্তবায়ন দরকার।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘গৃহকর্মী ছাড়া আমাদের জীবন যাপন করা কঠিন। কিন্তু এর পরও আমরা তাদের মর্যাদা দিতে চাই না। এটি উচিত নয়।’সভার সভাপতি ও রামরুর সমন্বয়ক সি আর আবরার বলেন, ‘বাংলাদেশ থেকে গৃহশ্রমিক হিসেবে মেয়েরা বিভিন্ন দেশে কাজ করতে যাচ্ছে। বিদেশে আমাদের শ্রমিকদের অধিকার চাইলে নিজ দেশে গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব।’অনুষ্ঠানে আইএলওর বাংলাদেশের উপদেষ্টা নিশা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বক্তব্য দেন।