আইএসপিএবির ইন্টারনেট ধর্মঘট স্থগিত
আজ মঙ্গলবারের পূর্বঘোষিত ইন্টারনেট ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদের আশ্বাসে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে।গতকাল সোমবার ধর্মঘটের বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় এবং সচিবালয়ে যথাক্রমে দুই দফা বৈঠক করেছেন আইএসপিএবির নেতারা। এ সময় বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সচিবালয়ের বৈঠকে বিদ্যুৎসচিব আইএসপিএবির নেতাদের কাছে গত শুক্রবার ভুলক্রমে তার কাটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না। বিশেষ করে, আইএসপিএবির প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া কোনো সড়কের তার কাটা হবে না।রাজধানীর যেসব সড়কের তার এখনো কাটা হয়নি, সেখানকার তার কাটা এবং ভূগর্ভস্থ বিতরণ লাইনে প্রবেশের জন্য বিদ্যুৎসচিব মন্ত্রণালয়ের উপসচিব(উন্নয়ন) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির কারিগরি সদস্য হিসেবে বিটিআরসির শারমীন সুলতানা, আইএসপিএবির এমদাদুল হক ও রাশেদ আমিন, সামিট কমিউনিকেশনসের মহাব্যবস্থাপক শাহ মিরাজ, ফাইবার এট হোমের কারিগরি বিভাগের গোলাম সারোয়ার, কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার পারভেজ এবং অন্য যেকোনো একজন সদস্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন স্থানীয় প্রকৌশলী থাকবেন। পরে ডিপিডিসি ও ডেসকোর সদস্যদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।এই কমিটি ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো তৈরির পর তা পরীক্ষা-নিরীক্ষা করবে। কমিটির প্রতিবেদনের পরে আইএসপি প্রতিষ্ঠানগুলো তাদের সংযোগ মাটির নিচে প্রতিস্থাপিত করবে। এ ছাড়া আইএসপি সংগঠনের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সচিব।সংগঠনের দাবির মধ্যে রয়েছে, সরকারের প্রস্তাবিত তিনটি প্রধান সড়কে ভূগর্ভস্থ অবকাঠামো তৈরির আগে আর কোনো ফাইবার অপটিক তার কাটা যাবে না। অবকাঠামো সম্পূর্ণ তৈরি হওয়ার পরে মাটির নিচে সংযোগ নিয়ে যাওয়ার জন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোকে অন্তত ছয় মাস সময় দিতে হবে। আইএসপিএবি, বিটিআরসি, অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন ও ছাড়পত্র ছাড়া ভবিষ্যতে তার কাটা যাবে না।