আইজিপির আত্মীয় পরিচয়ে কোটি টাকা হাতিয়েছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন ভূঁইয়া
ছবি: সংগৃহীত

নিজেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিইও, মার্কেটিং ম্যানেজার ও মার্চেন্ডাইজার পরিচয়ে পোশাক খাতের সরঞ্জাম ক্রয়াদেশ দিয়ে সেগুলো গ্রহণ করলেও টাকা পরিশোধ করতেন না তিনি। উল্টো সেসব সরঞ্জাম অন্যত্র বিক্রি করে টাকা আত্মসাৎ করতেন। পাওনাদার টাকা চাইলে নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইজিপি ও সাংসদের আত্মীয় পরিচয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন। তাঁর নাম এ এম এম সালাউদ্দিন ভূঁইয়া।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিন ভূঁইয়াকে (৫৫) গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। এ সময় তাঁর কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের পোশাক পরিহিত বাঁধাই করা একটি ফটোফ্রেম, সেনাবাহিনীর ব্যবহৃত একটি করে গেঞ্জি, টুপি, মানিব্যাগ ও মেডেল, চারটি জাল লেটার প্যাড, একটি জাল সিল, দুটি জাল ক্রয়াদেশ, দুটি জাল সোয়াচ প্যাড, দুটি চেকবই, তিনটি মুঠোফোন ও বিভিন্ন কনটেন্ট জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পোশাক খাতের সরঞ্জাম প্রতিষ্ঠানের কাছে ওয়ার্ক অর্ডার দিয়ে টাকা পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করছিলেন সালাউদ্দিন ভূঁইয়া। ৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী কয়েকটি প্রতিষ্ঠান র‌্যাব-১–এর কাছে আইনি সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দেওয়ায় র‌্যাব ছায়াতদন্ত করে। গ্রেপ্তার সালাউদ্দিন পাঁচ বছর ধরে প্রতারণা করছিলেন। এভাবে তিনি কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি মহাখালীর একটি অফিস সাবলেট হিসেবে ভাড়া নিয়ে তিন মাস ধরে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

র‌্যাবের মিডিয়া সেন্টারে গ্রেপ্তার সালাউদ্দিন ভূঁইয়া
ছবি: সংগৃহীত

র‍্যাবের পরিচালক খন্দকার আল মঈন বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে সালাহউদ্দিন বলেন, প্রতারণার কৌশল হিসেবে তিনি একই ঠিকানায় ছয় মাসের বেশি অবস্থান করতেন না। এ ছাড়া ফটোশপের মাধ্যমে বিভিন্ন ছবি এডিট করে মূলত প্রতারণার কাজে ব্যবহার করেন। ইতিপূর্বে তাঁর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে প্রতারণার মামলা ও বিভিন্ন থানায় তিনটি অভিযোগ রয়েছে।