রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী প্রভাতী শাখার শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে ওই শাখার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পায়নি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তবে ছাত্রীর সঙ্গে ওই শিক্ষকের অশালীন আচরণের বিষয়টি প্রমাণিত হয়েছে।এদিকে অভিভাবক ঐক্য ফোরাম ওই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে অধ্যক্ষ শাহান আরা বেগমকে অপসারণের দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ফোরামের সভায় শিক্ষামন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়।ওই অভিযোগ তদন্ত করা শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক দেবদুলাল ভট্টাচার্য গত ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক রামদুলাল রায়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনের মন্তব্যে বলেন, অভিযুক্ত শিক্ষক মতিয়ার রহমান ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন, তা প্রমাণিত হয়েছে। তবে ছাত্রী ধর্ষণের বিষয়টি এত দিন পরে প্রত্যক্ষ সাক্ষী বা চিকিৎসকের সনদের অভাবে প্রমাণ করা সম্ভব হয়নি।মতিয়ার রহমানের বিরুদ্ধে গত বছরের ১৭ অক্টোবর তাঁর বাসায় (স্ত্রীর অনুপস্থিতিতে) প্রাইভেট পড়তে যাওয়া এক ছাত্রীকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ওই সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় এ-সংক্রান্ত খবর প্রচারিত হয়। পরে ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।মতিঝিল থানাধীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক ফোরামের পক্ষে মো. জালাল উদ্দিন সিকদার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে ২৫ নভেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা ৬, ৭ ও ২৩ জুলাই ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের সঙ্গে কথা বলেন।তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন তথ্যের চুলচেরা বিশ্লেষণ, তদন্ত কর্মকর্তার সরেজমিন পরিদর্শনে মতিয়ার রহমানের অ-শিক্ষকসুলভ আচরণের বেশ কিছু প্রমাণ মেলে। নয়জন শিক্ষক-শিক্ষিকা ও ১৯ ছাত্রী অভিযোগটি সত্য বলে জানিয়েছে। তিন ছাত্রীর শারীরিক লাঞ্ছনার বিবরণ এবং ওই শিক্ষককে বরখাস্তের ঘটনায় অভিযোগ কিছুটা হলেও প্রমাণ করে।মন্ত্রণালয়ের তদন্তে মতিয়ার রহমান অভিযোগ অস্বীকার করেন।গতকাল দিলকুশায় অনুষ্ঠিত অভিভাবক ঐক্য ফোরামের সভায় বলা হয়, তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তার মন্তব্য যথাযথ হয়নি। সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির।সভায় বক্তারা বলেন, ঘটনার এক মাস পর অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়। এর মধ্যে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান অধ্যক্ষ শাহান আরা। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা মন্তব্যে বলতে পারতেন, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে মনে হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে চিকিৎসকের সনদপত্রের অভাবে তা প্রমাণিত হয়নি।’জানতে চাইলে অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘ধামাচাপা দেওয়ার অভিযোগ ঠিক নয়। সে সময়ে অভিভাবকদের কেউ লিখিত অভিযোগও দেননি। এর পরও অভিযোগ ওঠায় ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।’ওই ছাত্রীর বাবা টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, সেই অভিযোগ কখনোই আমি করিনি। তবে শিক্ষক মতিয়ার রহমানের আচরণ খারাপ। তাই এ ধরনের শিক্ষকদের শাস্তি হওয়া জরুরি।’