আইডিয়াল স্কুলের অভিভাবকদের আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন শিক্ষার্থীদের বেতন না বাড়ানোর আশ্বাস দেওয়ায় পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে অভিভাবক ফোরাম। গতকাল রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।চলতি মাস থেকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি বাড়ানোর ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের বেতন বাড়ানোর আদেশ স্থগিত করা না হলে ১৪ জুলাই বিদ্যালয়ের সামনে মানববন্ধনসহ ১৫ জুলাই বিদ্যালয়ে ধর্মঘট পালনের ঘোষণা দেন তাঁরা। শনিবার অভিভাবক ফোরামের নেতারা রাশেদ খান মেননের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘সাংসদ মেনন আশ্বাস দিয়েছেন, তিন দিনের মধ্যে পরিচালনা পরিষদের সভা ডেকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা হবে। তাঁর আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করেছি।’