আইডিয়াল স্কুলের ৭০ শিক্ষকের তালিকা শিক্ষাসচিবের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং-বাণিজ্যের সঙ্গে জড়িত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭০ জন শিক্ষকের তালিকা তৈরি করে তা শিক্ষাসচিবের কাছে পাঠিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবকেরা। গতকাল বুধবার শিক্ষকদের নাম-পরিচয়সহ ওই তালিকাটি ফ্যাক্সযোগে সচিবের কাছে পাঠায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-বনশ্রী।গতকাল অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির সুনাম ও সুখ্যাতিকে পুঁজি করে কতিপয় শিক্ষক বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের জিম্মি করে শ্রেণীকক্ষে পাঠদানের পরিবর্তে কোচিংয়ে পড়তে বাধ্য করছেন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোচিং-বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের তালিকা তৈরির ঘোষণা দিয়েছে। ওই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৭০ জন শিক্ষকের তালিকা দেওয়া হলো, যাতে তাঁদের বিরুদ্ধে মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিতে পারে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোচিংয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের দ্বিতীয় তালিকাও প্রক্রিয়াধীন আছে, যা পরবর্তী সময়ে পেশ করা হবে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাত্র তালিকাটি পেয়েছি। এটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’