আইন করে গাছ কাটা নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আইন করে গাছ কাটা নিষিদ্ধ এবং একটি গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে—এ ধরনের চিন্তাভাবনা করছে সরকার।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জলবায়ু পরিবর্তনবিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের কারণেই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষই দূষণের এজেন্ট হিসেবে কাজ করছে। তাই মানুষকে সচেতন হয়ে পরিবেশ রক্ষা করতে হবে।দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে জলবায়ু পরিবর্তনবিষয়ক ডিএসকের অবস্থানপত্রবিষয়ক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এতে সভাপতিত্ব করেন ডিএসকের সভাপতি এ বি এম আবদুল্লাহ।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপ অস্ট্রেলিয়া বা ভারতে জমি কিনে অভিবাসন করতে চাইছে। কিন্তু আমরা কোথাও যাব না, দেশেই থাকতে চাই। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।’আলোচনায় অংশ নেন ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান, এটিএন নিউজের সম্পাদক প্রণব সাহা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।