আইন তৈরির পাশাপাশি বদলাতে হবে দৃষ্টিভঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলিত জনগোষ্ঠী সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। এই বৈষম্য রোধে আইন তৈরির পাশাপাশি তা প্রয়োগের দিকে নজর দিতে হবে। সর্বোপরি বদলাতে হবে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশে দলিত বিপন্নতা: সামাজিক ন্যায়বিচার ও আইনের স্বরূপ সন্ধান’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে নাগরিক উদ্যোগ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত নারী ফেডারেশন (বিডিইডব্লিউএফ)। সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রান্তিকতার শেষ সীমানায় দলিত জনগোষ্ঠী। তাদের ক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য সর্বগ্রাসী। এ অবস্থার পরিবর্তনে কিছু সংস্কারই যথেষ্ট নয়, সমাজ পরিবর্তন করতে হবে, মানুষকে পরিবর্তন হতে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে প্রতিটি নাগরিককে সমান অধিকার দিতে হবে।’মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের প্রতি শ্রদ্ধা থাকলে দলিত কেন, যেকোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার পরও অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। তবে আইন তৈরি করলেই হবে না, তা প্রয়োগে নজর দিতে হবে।’প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ রাশেদ খান মেনন বলেন, “অ-জনগণ” থেকে “জনগণ” হয়ে ওঠার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়। দলিত জনগোষ্ঠী নিজেদের চেষ্টায়ই এতটুকু সামনে এসেছে। এই আন্দোলন আরও জোরদার করতে হবে। তাদের বৈষম্য দূর করতে আইন তৈরির পাশাপাশি সামাজিক দায়িত্বও নিতে হবে।বিশেষ অতিথির বক্তৃতায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘প্রগতিশীল দল ক্ষমতায় থাকার পরও প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক কিছুই পাইনি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ, নারীনীতি, পার্বত্য চুক্তিসহ এমন অনেক বিষয় অনিষ্পন্ন অবস্থায়ই রয়ে গেছে। করা হয়েছে অনেক কিছুই। কিন্তু প্রকৃতপক্ষে কিছুই করা হয়নি।’ তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো একটা শ্রেণীর মানুষকে আলাদা করে রাখা হয়, খাবার ছুড়ে দেওয়া হয়, পাশে বসতে দেওয়া হয় না। আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? এটা কি সেই বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? কোন আইনে এই মানুষগুলো এভাবে অস্পৃশ্য?’ তিনি দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আইন তৈরির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের ওপর জোর দেন। বিশেষ অতিথি ও আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘ভারতসহ পার্শ্ববর্তী দেশের আইন পর্যালোচনা করে তিন মাসের মধ্যে দলিতদের বঞ্চনা লাঘবে একটি আইন তৈরির উদ্যোগ নেবে আইন কমিশন।’নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ। বক্তব্য দেন বিডিইআরএমের সভাপতি মুকুল শিকদার, সাধারণ সম্পাদক বোধানকি সলোমন, বিডিইডব্লিউএফের সভানেত্রী মণি রানী দাস, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী আবুল বাসার, গোবিন্দ সাহা, নাদিরা সুলতানা প্রমুখ।