আইন না মানায় ট্যানারি প্লট বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আইন ও সরকারের নির্দেশ না মানায় রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি বন্ধ এবং সাভারে স্থানান্তরে ব্যর্থ ট্যানারিগুলোর প্লট বাতিলের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
গত মঙ্গলবার রাজধানীর কলাবাগানের পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে ‘ট্যানারি স্থানান্তরের ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতিতে পবার নিয়মিত পর্যবেক্ষণের আলোকে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্পমন্ত্রীর বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করেননি ব্যবসায়ীরা। পরে ২৮টি ট্যানারিকে উকিল নোটিশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। অথচ এখনো ট্যানারিগুলোতে গ্যাস, পানি, বিদ্যুৎ চালু আছে। কিন্তু সরকারের এই নমনীয়তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে সরকারকে সব কারখানা বন্ধ করে দিতে হবে। রাজধানীর পরিবেশের ক্ষতির জন্য ট্যানারির মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা আদায় করতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পবার স্বাস্থ্য ও খাদ্যবিষয়ক কমিটির সম্পাদক লেলিন চৌধুরী প্রমুখ।