আইন পরিবর্তন করে হলেও কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণকে অভিবাদন জানিয়ে আইনের পরিবর্তন করে হলেও কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী। গতকাল শনিবার ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ মাযহারুল হক বাকী, আবদুর রাজ্জাক ও আবদুর রউফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এই স্মরণসভার আয়োজন করে। নূরে আলম সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি রাজনৈতিক এজেন্ডা বানাবেন না। এটা করতে গিয়ে নিজে ফাঁদে পড়েছেন। জাতিকেও সংকটে ফেলেছেন।’ তিনি বলেন, সরকারের সমালোচনা করে বলেই প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আওয়ামী লীগবিরোধী নয়। মস্কোপন্থী বামরা শেখ হাসিনাকে আবদ্ধ করে ফেলেছে। প্রধানমন্ত্রীকে এ থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের বলা হতো বিপথগামী। এই তরুণেরাই শাহবাগে রুখে দাঁড়িয়েছে। ব্যক্তির পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের মামলা হওয়া উচিত ছিল। সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক নেতা খালেদ মোহাম্মদ আলী, মোস্তফা মহসীন মন্টু, নুরুল ফজল বুলবুল প্রমুখ।