আইন বিভাগের ছাত্রীকে হত্যা, শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাশহুদা খাতুনকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তাঁর স্বামী আবদুল কুদ্দুস ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের সামনে থেকে বের হয়ে মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। একইভাবে মাশহুদার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তাঁরা। আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, বিচার-প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই ন্যায়বিচার নিয়ে শঙ্কা সৃষ্টি হওয়া। তাই যত দ্রুত সম্ভব বিচার-প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান, আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাহনাজ হুদা, অধ্যাপক নাইমা হক অংশ নেন। গত শুক্রবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে বাবার বাড়িতে স্বামী আবদুল কুদ্দুস ফকির মাশহুদাকে শ্বাসরোধে হত্যা করেন।