আইন মেনে চললেই কমে আসবে সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে আইন ভাঙার সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের দেশে পর্যাপ্ত আইন থাকলেও সেগুলো ঠিকমতো মানা হচ্ছে না। আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আইন মেনে চলি, তাহলে কখনোই সড়ক দুর্ঘটনা ঘটবে না।’গতকাল শনিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ এ মন্তব্য করেছেন। তিনি মহানগর নাট্যমঞ্চে ‘নিরাপদ সড়ক চাই’ আয়োজিত পঞ্চম মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন। ‘সড়ক দুর্ঘটনা রোধে চাই জাতীয় সড়ক নীতিমালা’, এ প্রতিপাদ্য সামনে রেখে ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল এবং যাচাই-বাছাই না করে চালকদের লাইসেন্স দেওয়াকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিপাদ্যতে। মন্ত্রী বলেন, ত্রুটিপূর্ণ যানবাহন যেন রাস্তায় চলতে না পারে, সেজন্য বিআরটিএকে আরও কঠোর হতে হবে। চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তাঁর দক্ষতা ও কোনো প্রশিক্ষণ আছে কি না। অবৈধভাবে চালকদের লাইসেন্স দেওয়াও বন্ধ করতে হবে। এসব কাজ ঠিকমতো করতে পারলে দুর্ঘটনা কমে আসবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান বলেন, দেশে প্রতিদিন গড়ে ৩০ জন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। দুর্ঘটনার কারণে বছরে সাত হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়। দুর্ঘটনা কমানো সম্ভব হলে তিন বছরের ক্ষতির টাকা দিয়েই একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রিপ-২ প্রকল্পের পরিচালক সৈয়দ মাহাবুবুর রহমান বলেন, ১৪ বছর আগে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় বছরে ১৭ শতাংশ মানুষ মারা যেত। বর্তমানে তা চার শতাংশে নেমে এসেছে। উন্নত দেশগুলোতে যেখানে দুর্ঘটনায় মৃত্যুর হার কমছে, সেখানে দেশে এ হার বাড়ছে। তাঁর মতে, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ সেসব সড়কে ব্যাপক দুর্ঘটনা ঘটে।অনুষ্ঠানে মূল প্রবন্ধে নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই দেশের যোগাযোগ-ব্যবস্থা চলছে। জাতীয় নীতিমালা থাকলে বিমানবন্দর নিয়ে এমন সহিংস ঘটনা ঘটত না। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া খুব কঠিন। একটি আগ্নেয়াস্ত্র দিয়ে একসঙ্গে মাত্র একজনকেই হত্যা করা সম্ভব। কিন্তু একজন ড্রাইভার একসঙ্গে ৪০-৫০ জনের মৃত্যুর কারণ হতে পারেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়া কেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মতো কঠিন হবে না?’অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই-এর পক্ষ থেকে বলা হয়, বেপরোয়া গাড়ি চালানো, অন্য গাড়িকে টেক্কা দেওয়া, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। বেশির ভাগ চালকই অদক্ষ ও অপ্রশিক্ষিত। তাঁদের ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। এ কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই-এর দুই উপদেষ্টা বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ ও রফিকুল ইসলাম সরকারকে সংবর্ধনা দেওয়া হয়।সমাবেশে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, খন্দকার আলী আজম, সেলিমা রওশন প্রমুখ বক্তব্য দেন।