আইন লঙ্ঘন করে তেলের দাম বাড়ানোয় সিটি গ্রুপকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে বোতলজাত তেলের দাম বাড়ানো এবং প্যাকেটজাত চিনির গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখায় সিটি গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়ে ফলের জুস উত্পাদন ও বিক্রি করার দায়ে কোকোলা ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।গতকাল দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত সিটি গ্রুপের মালিকানাধীন তীর মার্কা বোতলজাত ভোজ্যতেলের গেন্ডারিয়া বিক্রয়কেন্দ্রে অভিযান চালান। সেখানে বোতলজাত ভোজ্যতেলের গায়ে নিয়ম লঙ্ঘন করে দাম বাড়ানোর প্রমাণ পাওয়া যায়। আদালত দুই ধরনের দাম লেখা সয়াবিন তেলের বোতল দেখতে পান। ২৭ ডিসেম্বর উত্পাদিত পাঁচ লিটার বোতলের গায়ে লেখা ছিল ৪৫৪ টাকা। ১০ জানুয়ারি উত্পাদিত একই পরিমাপের তেলের দাম লেখা ছিল ৪৬৪ টাকা। ১৪ দিনে দাম বেড়েছে ১০ টাকা। অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন এবং পরিমাপ (পণ্যসামগ্রী মোড়কজাতকরণ) বিধিমালা ২০০৭-এর ২০ (৪) ধারায় বলা আছে, মোড়কজাত বা বোতলজাত পণ্যের দাম বাড়াতে হলে উত্পাদনকারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠানকে প্রথমত একটি বহুল পঠিতসহ দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে জানাতে হবে। দ্বিতীয়ত, মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক বা তাঁর প্রতিনিধিকে দাম বাড়ানোর বিষয়টি নোটিশ আকারে জানাতে হবে। তার পরই কেবল পণ্যের দাম বাড়ানো যাবে। কিন্তু এ ব্যাপারে সিটি গ্রুপ কোনো বিজ্ঞাপন প্রকাশ করেনি এবং বিএসটিআইকেও জানায়নি। অভিযানের সময় আরও দেখা যায়, সিটি গ্রুপের উত্পাদিত চিনির প্যাকেটে কোনো খুচরা মূল্য লেখা ছিল না। এ দুটি অপরাধে আদালত সিটি গ্রুপকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪০ ধারায় দুই লাখ টাকা জরিমানা করেন।অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, নিয়ম লঙ্ঘন করে যখন-তখন বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না। এ কারণে সিটি গ্রুপকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রমাণ পাওয়া গেলে ওই কোম্পানির যাবতীয় তেল জব্দ করা হবে। সিটি গ্রুপের বাণিজ্য কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সতর্কবাণী দেওয়া হয় না। এ কারণে দেশের কোনো কোম্পানিই বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ানোর নিয়মগুলো মানছে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকবেন তাঁরা। তিনি জানান, আজ বৃহস্পতিবার তীর সয়াবিন তেলের দাম কমানো হবে। এদিকে একই আদালত পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত সান স্টার ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের উত্পাদিত কোকোলা ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালান। বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই ফলের জুস তৈরি ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া সেখানকার তৈরি কোকোলা মিল্ক ক্যান্ডির প্যাকেট ও লিচি লজেন্সের জারের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য লেখা ছিল না। এসব অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। পরীক্ষাবিহীন সুগন্ধি ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে সতর্ক করেন আদালত। ভেজালবিরোধী অভিযানে সহায়তা করে বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘অবৈধভাবে বাড়ানো হচ্ছে বোতলজাত তেলের দাম, আইন আছে, মানার কেউ নেই, এক মাসে চারবার বৃদ্ধি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।